উৎসবের রাত
গভীর চুম্বনের ভিতরে জেগে ওঠে মন্বন্তরের গ্রাম
যেভাবে ফ্লাড লাইটের আলোর তলায়
বিষণ্ণ পোকামাকড়েরা ঘুমোতে চলে যায়।
চাঁদ নয়,
গভীর ঘুমের সাথে লুকোচুরি খেলে
আত্মহননের রাত।
তোমাকে ভালবাসবার আগে
আমি প্রকাশ করতে পারি না
আমার শার্টের হাতায় একটাও বোতাম নেই।
প্রত্যেকটা উড়ানের আগে নক্ষত্রের কাছে
পথনির্দেশ চেয়ে নেয় পরিযায়ী হাঁস।
প্রত্যেকটা উড়ানের আগে গমক্ষেত,
কাঠের বাক্সে যত্ন করে লুকিয়ে রাখা হাত চিঠি,
ভেলভেটের টিপ, হারিয়ে যাওয়া নাকছাবি...
পোশাকের আড়ালে লুকিয়ে রাখা বালিয়াড়ি খেলা!
গেলাসের ভিতরে কুয়াশা জমছে ডিয়ার,
‘চিয়ার্স... চিয়ার্স... চিয়ার্স...’
যতটা প্রেমিক আমাকে ভাবো ততটা প্রেমিক
আমি নই। আবার যতটা ইস্পাতের ভাবো
অতটা শক্ত নয় আমার উড়ে বেড়ানোর ডানারা।
কাউকে বোঝাতে পারি না,
আমি,
আসলে একটা ইন্দ্রজালের পৃথিবীতে বসবাস করছি।
গলা চিরে জেগে থাক আর্তনাদ, উৎসবের রাত।
ফ্লাড লাইটের আলোর তলায় ডাঁই হয়ে
মরে পড়ে থাকে পোকারা, প্লাস্টিকের চাঁদ আর...
চিরন্তন ভট্টাচার্য

